যুবসমাজের হাতেই নির্মিত হবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৬ ১:৩০ এএম
যুবসমাজের হাতেই নির্মিত হবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব মূলত যুবসমাজের কাঁধে, তাদের শক্তি ও উদ্যোগকে কাজে লাগাতে পারলেই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আত্মবিশ্বাস প্রকাশ করেন।

দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের কল্যাণ নিশ্চিত করা যাবে। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, সবার লক্ষ্য হওয়া উচিত ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’, আর সেই লক্ষ্য অর্জনে যুবকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার অসংখ্য তরুণ নিজেদের ব্যস্ততার মাঝেও স্বেচ্ছায় মানুষের সেবায় ঝুঁকে পড়ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের আন্দোলন — প্রতিটি বড় পরিবর্তনের সামনের সারিতে থেকে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় বিজয়ীদের অধিকাংশও তরুণ। দেশের যেকোনো অগ্রগতিতে যুবসমাজের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ অপরিহার্য। তবে তরুণদের শুধু নিজেদের উন্নতি নয়, দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথাও ভাবতে হবে বলে পরামর্শ দেন তিনি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন সরকারের পাশাপাশি দেশের মানুষেরও প্রতিশ্রুতি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের সহায়তায় স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। ৫০০ কোটি টাকার এই তহবিল প্রয়োজনে আরও বড় করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। প্রত্যেক পুরস্কারপ্রাপ্তি পান এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র। এর পাশাপাশি যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৪৩২টি সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন অনুষ্ঠানে নিজেদের অনুভূতিও ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...