স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থান নিশ্চিতে সরকারের অঙ্গীকার
দেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, কর্মের সুযোগ বিস্তার এবং বিদেশে উচ্চশিক্ষার অপশন সহজ করতে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে তিনি এমন আশ্বাস দেন। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এই সামিটের আয়োজন করে।
মাহদী আমিন বলেন, স্থাপত্য শিক্ষা ও স্থপতির পেশাকে সরকার সর্বোচ্চ মর্যাদায় দেখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব নেওয়া সরকারের নীতি ও উন্নয়ন রূপরেখার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের স্থাপত্য ও অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। এই রূপান্তরে অংশ নিতে এবং বিশ্বমানের আইকনিক স্থাপনা নির্মাণে দেশের স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পেশার ভবিষ্যৎ নিয়ে মুখপাত্র জানান, প্রতিবছর দেশে প্রায় এক হাজার নতুন স্থপতি স্নাতক হচ্ছেন। এঁদের জন্য দেশে পর্যাপ্ত কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি বিদেশে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ প্রসারিত করতে সরকার উদ্যোগ নিচ্ছে। দেশে বসেই আন্তর্জাতিক মানের স্থাপত্য নকশা করার সুযোগ তৈরিতে বাংলাদেশি ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতের ওপর জোর দেন তিনি। এ লক্ষ্যে ক্যানবেরা অ্যাকর্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যৌথ ভূমিকার পরামর্শ দেন উপদেষ্টা।
স্থাপত্য শিক্ষার গুণগত মানোন্নয়নেও সরকারি সহায়তার কথা তুলে ধরেন মাহদী আমিন। তার ভাষায়, পাঠ্যসূচি হালনাগাদ, স্টুডিও ও ল্যাব সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত সুবিধাজনক করতে সরকারি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও বাজেট বরাদ্দে সরকার প্রস্তুত রয়েছে।
আইএবি সভাপতি স্থপতি প্রফেসর ড. শরীফ শামস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম মাহবুবুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ ও স্থপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম।

