সরানো হয়নি জুলাই শহীদদের নামফলক, নতুন রূপে ফিরবে: ডিএনসিসি
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর থেকে জুলাই শহীদ ও যোদ্ধাদের নামফলক স্থায়ীভাবে সরিয়ে ফেলার কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চলমান সংস্কার শেষ হলে নামফলকগুলো নতুন নকশায় আরও নান্দনিক ও মর্যাদাপূর্ণ রূপে পুনর্স্থাপন করা হবে বলে জানিয়ে সংস্থাটি গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) মিরপুর-১০ এ ডিএনসিসির আয়োজিত জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নামফলক অপসারণকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্পষ্ট করতেই সংস্থাটির এ বক্তব্য।
জানা যায়, সম্প্রতি গোলচত্বর এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সেখানকার পুলিশ বক্সটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর বক্সটি মেরামতসহ পুরো এলাকার সৌন্দর্যবর্ধনে হাত দেয় ডিএনসিসি। কাজের সুবিধার জন্য পুলিশ বক্সের দেয়ালে লাগানো জুলাই শহীদ ও যোদ্ধাদের নামফলকগুলো সাময়িকভাবে খুলে রাখা হয়েছে, যা করা হয়েছে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশনায়।
ডিএনসিসি জানিয়েছে, সংস্কার ও সৌন্দর্যবর্ধন শেষ হলে নামফলকগুলো এমনভাবে স্থাপন করা হবে, যাতে পথচারী ও সাধারণ নাগরিকদের চোখে সহজেই পড়ে। এর মাধ্যমে জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ যথাযথ মর্যাদা নিয়ে স্মরণ করা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি। উন্নয়ন, নান্দনিকতা এবং শহীদদের স্মৃতির সম্মান—এই তিন বিষয়কে একসঙ্গে ধরেই মিরপুর-১০ গোলচত্বরকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ডিএনসিসি। তাই সাময়িক অপসারণকে ঘিরে ছড়িয়ে দেওয়া বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

