সিআইডি থেকে মেট্রোরেল পুলিশে ডিআইজি হাসান বারী নূরের নতুন দায়িত্ব
রাজধানীর মেট্রোরেলের নিরাপত্তার হাল ধরতে যাচ্ছেন নতুন কর্মকর্তা। সিআইডিতে কর্মরত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
পুলিশ বিভাগে হাসান বারী নূর দক্ষ, পেশাদার, জনবান্ধব ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সুপরিচিত। ২০তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০০১ সালে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর — এই আটটি জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জেলা পর্যায়ের পাশাপাশি সিআইডি, পিবিআই, এসআরবি ও এপিবিএনের মতো পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। গত বছর অতিরিক্ত ডিআইজি থেকে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। দেশের বাইরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছেন এই কর্মকর্তা; কঙ্গো ও দারফুরে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তিনি।
প্রতিদিন লাখো যাত্রীর চলাচলের এই জনপরিবহনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নতুন ডিআইজির বহুমাত্রিক অভিজ্ঞতা কাজে লাগবে বলে প্রত্যাশা করছেন পুলিশের সংশ্লিষ্টরা।

