নতুন রূপে ফিরল ঐতিহাসিক লালকুঠি, পুরান ঢাকার পুনরুজ্জীবনে মাইলফলক

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:৫৫ পিএম
নতুন রূপে ফিরল ঐতিহাসিক লালকুঠি, পুরান ঢাকার পুনরুজ্জীবনে মাইলফলক

পুরান ঢাকার বিখ্যাত লালকুঠি বা নর্থব্রুক হলের সংস্কার কাজের অগ্রগতি দেখতে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে তিনি ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, লালকুঠির সংস্কার পুরান ঢাকার ঐতিহ্য টিকিয়ে রাখা ও শহরকে নতুন জীবন দেওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রশাসকের মতে, ইনার সার্কুলার রিং রোডের মতো আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা এবং লালকুঠির মতো ঐতিহাসিক ভবন সংরক্ষণ—দুটোই রাজধানীর টেকসই উন্নয়ন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। বিশ্বব্যাংকের অর্থসহায়তায় ডিসিএনইউপি প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১ জুন শুরু হওয়া ভবনের মূল সংস্কারকাজ গত ২০২৬ সালের ৩১ মে সফলভাবে সম্পন্ন হয়েছে। গোটা সংস্কার প্রক্রিয়ায় ভবনের ঐতিহ্যবাহী চুন-সুরকির গাঁথুনি এবং লাল ইটের স্থাপত্যশৈলী সম্পূর্ণ অক্ষুণ্ন রাখা হয়।

ভবনটির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে করপোরেশন জানিয়েছে, সামনে লালকুঠি হবে সাহিত্য আলোচনা, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও পাঠচর্চার একটি সমন্বিত কেন্দ্র। এর মাধ্যমে পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। বিশ্বব্যাংকের পক্ষ থেকে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট এবং বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জঁ পেমসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...