সেপ্টেম্বরে তাপপ্রবাহের ঝুঁকি, সাগরে লঘুচাপ ও কম বৃষ্টির সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৪ এএম
সেপ্টেম্বরে তাপপ্রবাহের ঝুঁকি, সাগরে লঘুচাপ ও কম বৃষ্টির সম্ভাবনা

আগামী সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাসের কথা জানানো হয়। অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠকে বলা হয়, এ মাসে দেশের বিভিন্ন স্থানে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সেপ্টেম্বর জুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু অংশে ৩ থেকে ৫ দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকলেও উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারি বৃষ্টির কারণে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। সদ্য শেষ হওয়া আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এর ব্যতিক্রম দেখা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...