চট্টগ্রামে চিড়িয়াখানায় ফ্রি প্রবেশের সুযোগ, শর্ত ১০০ গ্রাম প্লাস্টিক
পরিবেশ সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন থেকে মাত্র ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির বৈঠকে তিনি বলেন, প্লাস্টিক দূষণ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করছে। এটি মাটির সাথে মিশে না গিয়ে পানি নিষ্কাশনে বাধা দেয় ও মশার প্রজনন বাড়ায়। তাই শিক্ষার্থীদের বর্জ্য সংগ্রহে অংশ নিতে উৎসাহিত করতে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হলো। খুব শীঘ্রই চিড়িয়াখানার গেটে বর্জ্য কালেকশন বক্স স্থাপন করা হবে।
এছাড়াও কৃষিজমির উর্বর মাটি কেটে ইট তৈরি বন্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের ফসলি জমি ধ্বংস করে মাটি কাটা যাবে না। তবে খাল খনন বা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উত্তোলিত মাটি ইট ভাটায় ব্যবহারের অনুমতি থাকবে। জনস্বার্থে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন।

