ইন্টারনেটের দাম কমবে অর্ধেক: নতুন সাবমেরিন ক্যাবল জরুরি
আন্তর্জাতিক ব্যান্ডউইথের চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও নতুন সাবমেরিন ক্যাবল সংযোগে এখনও দেখা যাচ্ছে সিদ্ধান্তহীনতা। এর ফলে ডিজিটাল অবকাঠামোতে বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দ্রুত নতুন সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হলে ইন্টারনেটের দাম ৫০ শতাংশ পর্যন্ত কমে আসবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর অদূরে একটি রিসোর্টে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিআরএনবি) আয়োজনে এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা ও ভবিষ্যৎ ব্যান্ডউইথ চাহিদা পূরণে নতুন সাবমেরিন ক্যাবলের প্রয়োজনীয়তা শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআরএনবি সভাপতি মাসুদুজ্জামান রবিন এবং বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন।
কর্মশালায় উপস্থাপকরা জানান, বর্তমানে দেশে একমাত্র সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর ওপর নির্ভর করতে হচ্ছে। সময়মত নতুন সক্ষমতা না বাড়ালে আগামী দশকে ডিজিটাল অর্থনীতি ব্যান্ডউইথ ঘাটতির কারণে বড় বাধার মুখোমুখি হবে। মেটাকোর সাবকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম তার বক্তব্যে জোর দিয়ে বলেন, প্রাইভেট সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হলে দেশের ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে। এছাড়াও ইন্টারনেটের দাম ৫০ শতাংশ কমে যাবে এবং সেবার মান বা কোয়ালিটি অব সার্ভিস ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে ল্যাটেন্সি কমে আসবে। সিডিনেট কমিউনিকেশনসের প্রধান নির্বাহী মশিউর রহমান ও মেটাকোরের প্রজেক্ট লিড মাহমুদ শাহেদ বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় মেটাকোরের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ উপস্থিত ছিলেন।

