বিজ্ঞাপন

হাজারীবাগে আধুনিক পশু জবাইখানা উদ্বোধন, ছাগল ২৫ ও গরু ১০০ টাকায় জবাই

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ২:৪৬ পিএম
হাজারীবাগে আধুনিক পশু জবাইখানা উদ্বোধন, ছাগল ২৫ ও গরু ১০০ টাকায় জবাই

জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পুরান ঢাকার হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই স্থাপনার উদ্বোধন করেন। এখন থেকে এখানে স্বয়ংক্রিয় ও জীবাণুমুক্ত পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করা হবে, যা নগরবাসীর জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেবে।

ডিএসসিসি প্রশাসক জানান, এই আধুনিক জবাইখানায় পেশাদার ভেটেরিনারি সার্জনদের তত্ত্বাবধানে পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ যান্ত্রিক প্রক্রিয়ায় মাংস প্রসেস করা হবে, যা সম্পূর্ণ দূষণমুক্ত থাকবে। এতে উন্নতমানের চিলিং এবং কোল্ড স্টোরেজ সুবিধা রয়েছে, যা মাংসের সতেজতা দীর্ঘসময় বজায় রাখতে সহায়তা করবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় রক্ত ও দুষিত পানি পরিশোধনের জন্য আধুনিক বর্জ্য শোধন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যা দূর্গন্ধ ও দূষণ রোধ করবে। পশুর রক্ত, হাড় ও খুর থেকে সার ও পশুখাদ্য তৈরির ব্যবস্থাও এখানে রয়েছে।

বিজ্ঞাপন

পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সময় ও ফি। প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ডিএসসিসির কর তফসিল অনুযায়ী, প্রতিটি ছাগল বা ভেড়া জবাইতে ২৫ টাকা এবং প্রতিটি গরু বা মহিষ জবাইতে ১০০ টাকা হারে রাজস্ব আদায় করা হবে। এই রাজস্ব আহরণের দায়িত্বে একটি সাব-কমিটি কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান এবং বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...