ঠিকাদারদের গাফিলতি ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত করেছে আইএমইডি

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৯:২৯ পিএম
ঠিকাদারদের গাফিলতি ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত করেছে আইএমইডি

সরকারি উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারদের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণে যাতে কোনো রাষ্ট্রীয় অর্থের অপচয় না হয়, তা ঠেকাতে ব্যাপক ভূমিকা পালন করছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সম্প্রতি ৩০টি প্রকল্পে এমন গাফিলতি ও নিম্নমানের কাজের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। এ সময় তিনি সারাদেশের অবকাঠামো উন্নয়নকাজে নিম্নমানের কাজ ও সাধারণ মানুষের দুর্ভোগ রোধে আইএমইডি গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ হাজার ১৬৩টি প্রকল্প চলমান রয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে আইএমইডি ৬৭৭টি চলমান প্রকল্প পরিদর্শন করে এবং এর মধ্যে ৬৪০টি প্রকল্পের সুপারিশসহ প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণ করেছে। এছাড়া চলতি বছরের জুলাই মাসে ৪৭টি প্রকল্প পরিদর্শন করা হয়েছে, যার মধ্যে ২৭টির প্রতিবেদন ইতোমধ্যে পাঠানো হয়েছে। একই সময়ে ১ হাজার ৮৫টি সমাপ্ত প্রকল্প পরিদর্শন করে ১ হাজার ২৪টি মূল্যায়ন প্রতিবেদন দাখিল করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইএমইডি কর্মকর্তারা মাঠ পর্যায়ে তদারকি করার সময় কোনো ঠিকাদারের গাফিলতি বা নিম্নমানের কাজ পরিলক্ষিত হলে তা অবিলম্বে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে ওই প্রকল্পের ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...