মিরপুরে পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ আটক ১

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৫:২৪ এএম
মিরপুরে পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ আটক ১

রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকায় পুলিশের চেকপোস্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এক মাদক কারবারি। মিরপুর মডেল থানা পুলিশের হাতে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছেন তিনি। গত সোমবার রাতে মোটরসাইকেল যোগে মাদকের চালান নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ কামরান ওরফে রেজা (৩০)। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে দক্ষিণ পীরেরবাগ ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানার একটি টিম। এসময় সন্দেহজনকভাবে আসা একটি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক পুলিশের নির্দেশ উপেক্ষা করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামির শরীর এবং ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...