যানজট মুক্ত রাজধানী: সায়েদাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল হচ্ছে

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৮:৪৭ পিএম
যানজট মুক্ত রাজধানী: সায়েদাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল হচ্ছে

রাজধানীর চরম যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়নের মহাপরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সড়কের পাশে বিশৃঙ্খলভাবে গড়ে ওঠা এসি বাসের কাউন্টারগুলো সরিয়ে এনে একটি নির্দিষ্ট আধুনিক টার্মিনালে স্থানান্তরের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় জানানো হয়, সায়েদাবাদ টার্মিনালের অভ্যন্তরে থাকা পুরনো মোটর গ্যারেজের স্থানটি সম্প্রসারণ করে সেখানেই এসি বাসের কাউন্টার স্থাপন করা হবে। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতির সমন্বয়ে একটি আধুনিক নকশা প্রণয়ন করা হয়েছে, যায় যাত্রীদের সুবিধাজনক ওঠানামা এবং বাস সার্ভিসিংয়ের পর্যাপ্ত স্থান থাকবে।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন ডিএসসিসি প্রশাসক। টেন্ডার প্রক্রিয়ায় সময় নষ্ট রোধ করতে বাস মালিক সমিতিকে একটি দ্রুত বাস্তবায়ন প্রস্তাবনা দাখিল করতে বলা হয়েছে। এই সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাস মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...