শাহজালালে ৭ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক, সহযোগী পলাতক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাত কেজিরও বেশি কুশ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত ১৮ ও ২২ আগস্ট এ দুই দিনে ব্যাংকক থেকে আসা যাত্রীদের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হলেও অপর দুই সহযোগী মাদক রেখে পালিয়ে গেছেন।
শনিবার (২২ আগস্ট) বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করেন ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া। এ সময় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক হুসাইন আব্দুল কাদের শেখকে (৪৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার ট্রলি ব্যাগের ভেতর কাপড়ের নিচে লুকিয়ে রাখা তিন কেজি কুশ উদ্ধার করা হয়। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, নির্বাচন কমিশনের পরিচয়পত্র এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
এর আগে ১৮ আগস্ট একই রুটে আসা আরেক দলের ব্যাগ তল্লাশি করে চার কেজি ১৮০ গ্রাম কুশ পাওয়া যায়। তবে ওই সময় আকাশ দুবাই ও আকাশ পান্ডে নামের দুই ভারতীয় নাগরিক ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হন। জেরার মুখোমুখি হলে গ্রেফতারকৃত ব্যক্তি দেশের অভ্যন্তরে মাদক চোরাচালানে তার সহযোগীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

