সর্বোচ্চ পদমর্যাদায় পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এখন পূর্ণ অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে তিনি নৌবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদায় আসীন হলেন।
এর আগে চলতি বছরের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের মেয়াদে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। মাত্র এক মাসের মাথায় তার এই পদোন্নতি এলো।
খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রিধারী এই কর্মকর্তা প্রায় চার দশকের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি রয়্যাল মালেশিয়ান নৌবাহিনীতে প্রাথমিক প্রশিক্ষণ নেন এবং চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিন কমান্ডার ও নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লেবানন ও গণতান্ত্রিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন এবং সেখানে প্রবাসীদের কল্যাণে ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

