রাজধানীর বস্তিতে বিনামূল্যে চক্ষু সেবা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৯:৩৪ এএম
রাজধানীর বস্তিতে বিনামূল্যে চক্ষু সেবা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

দেশের রাজধানীর ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। গত শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে রোগীদের চোখের পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।

ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এই স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া যাঁরা ছানিতে ভুগছেন, তাঁদের চিহ্নিত করে ভবিষ্যতে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা অধ্যাপক শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রকৌশলী মো. মাহবুব আলম, ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, রেজাউর রহমান চৌধুরী সুমন, ডা. সাঈদ মেহেবুব কাদির ও সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় চোখের চিকিৎসা নিতে পারেন না। মানবিক দায়বদ্ধতা থেকে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...