নতুন রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা যুক্তরাষ্ট্রের

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৯:০০ এএম
নতুন রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি। শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনন্দন বার্তা প্রকাশ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ছবিও শেয়ার করা হয়। বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। এই অভিনন্দন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ভোট পান ৮৮টি। নির্বাচন কমিশন গত বৃহস্পতিবারই তাকে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...