হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, শ্বশুরবাড়ির সবাই জিজ্ঞাসাবাদে

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৩:৪৮ পিএম
হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, শ্বশুরবাড়ির সবাই জিজ্ঞাসাবাদে

চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার রহস্য উন্মোচনে তার শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুমাইয়া ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ে এবং প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়।

স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচা জানান, সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ (আত্মহত্যা নাকি হত্যা) জানা যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...