নিউমার্কেটে ফুটপাথ দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ২৫
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলকে কেন্দ্র করে বিএনপির দুই অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার পর বলাকা সিনেমা হলের সামনে এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের মধ্যে ফুটপাতে দোকান বসানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় ১৫ জন এবং যুবদলের ১০ জনের বেশি নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্সল্যাবের বসুন্ধরা গলিতে থাকা নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চলের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে চঞ্চল দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবদলের নেতাকর্মীরা ফুটপাতে ব্যবসা করছেন। তার নিজস্ব কোনো দোকান নেই। তিনি ছাত্রদলের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ আনেন। অন্যদিকে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন জানান, তিনি ঢাকার বাইরে থাকায় ঘটনার বিস্তারিত তেমন জানেন না।

