বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর আহ্বান
চট্টগ্রামের লালদীঘি মাঠে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা পূরণ করতে হলে শুধুমাত্র গাছ রোপণ করলেই হবে না। এর পাশাপাশি গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে। গাছের প্রতি মানুষের মনে ভালোবাসা তৈরি করতে সরকার এবং সাধারণ নাগরিকদের একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরও মতে প্রকাশ করেন, গাছ লাগানোর গুরুত্ব মানুষ অনেক আগে থেকেই জানে। কিন্তু ২৫ কোটি গাছ লাগানো একটি বিশাল কর্মযজ্ঞ। এটি সফল করতে হলে লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ওপর নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। তিনি বলেন, বর্তমানে বর্ষাকাল থাকায় রোপণ করা গাছেরা সহজেই পানি পাচ্ছে, কিন্তু শীত মৌসুমে এসে যাতে তা না হাড়িয়ে যায়, সেজন্য শুষ্ক মৌসুমে গাছের সঠিক পরিচর্যা ও সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
মন্ত্রী থাইল্যান্ডের উদাহরণ তুলে ধরে বলেন, সেখানে প্রতিটি শিশুর জন্মের সাথে সাথে একটি গাছ লাগানোর প্রথা চালু আছে, যাতে শিশুর সাথে গাছের একটি আবেগিক সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশেও বৃক্ষরোপণকে এমন সামাজিক ও পারিবারিক সংস্কৃতিতে রূপ দিতে হবে। তিনি জানান, মানুষের জীবন ও জীবিকা পরিবেশের ওপর নির্ভরশীল। পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়নই দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।

