আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারে সরকারের জোর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ এবং আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে। সোমবার (১০ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসাঁ ঢাকা হোটেলে আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) আয়োজিত আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় তিনি উপস্থিত রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উদ্দেশ্যে বলেন, স্থল ও সমুদ্রপথে সংযোগ বৃদ্ধির ফলে দুই পক্ষের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে এবং আগামী দিনে পারস্পরিক কল্যাণে এটি আরও এগিয়ে যাবে।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক করতে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হওয়ার জন্য আবেদনও করেছে।
বাংলাদেশের সাথে আসিয়ানের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১০ লাখ মার্কিন ডলার বাজেটের একটি যৌথ মৎস্য ও মৎস্যচাষ প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। এর বাইরেও পর্যটন, তথ্য-প্রযুক্তি এবং সংস্কৃতির মতো খাতগুলোতেও দুই পক্ষের মধ্যে নতুন নতুন সহযোগিতামূলক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

