চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সিডিএ চেয়ারম্যান
দেশের অর্থনীতির চালিকাশক্তি চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, আবাসন সমস্যা সমাধান এবং চলমান উন্নয়ন কাজের সার্থকতা নিশ্চিত করতে সাংবাদিকদের ইতিবাচক ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন জরুরি।
গত ৬ আগস্ট টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত মাসব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিডিএ চেয়ারম্যান বলেন, সমালোচনা করা যেতে পারে, তবে তা মহৎ উদ্দেশ্যে এবং যুক্তিপূর্ণ হতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের ভালো-মন্দ দুটি দিকই বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিয়মিত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমারদেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

