জুলাই চেতনাকে ধারণ করে সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন চূড়ান্ত হবে

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ১২:১৫ এএম
জুলাই চেতনাকে ধারণ করে সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন চূড়ান্ত হবে

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজনের সাথে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত হবে সংবিধান সংশোধন। মঙ্গলবার, ৪ আগস্ট জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, সংবিধান সংশোধন প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা হবে যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ নিজেকে এর অংশ হিসেবে গণ্য করতে পারে।

বৈঠকে চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংসদ সদস্য সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেলসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং আইন ও বিচার বিভাগের সচিবও এই বৈঠকে অংশ নেন। সংবিধান সংশোধনের বিষয়টিকে জাতির জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বৈঠকে উল্লেখ করা হয়।

সংশোধন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এবং বিরোধীদলের প্রতিনিধিদের সাথে ধারাবাহিক আলোচনায় বসবে। এই সংলাপের ভিত্তিতেই সংবিধানের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। কমিটি আশা করছে, জুলাই সনদের ভিত্তিতে সংশোধিত এই সংবিধান আগামী দিনের প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...