জুলাই আন্দোলনে ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছেন হাসিনা: নজরুল
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিস্ট সরকার তিন শতাধিক শ্রমিককে হত্যা করেছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত জুলাই মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
নজরুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রতিবেদনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি উল্লেখ করা হলেও সরকারি গেজেটে এখনো ৯০০ জনেরও কম নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকৃত শহীদের সংখ্যা আরও অনেক বেশি। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী ও নির্যাতিতদের তালিকাভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান। তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, যা বাস্তবায়িত না হওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এটি কোনো দলের সম্পদ নয়; এটি সমগ্র জাতির অর্জন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আজও জুলাই যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। দেশের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি কর্মসংস্থান রক্ষা, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান।

