বোয়ালখালীতে ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে নুরুল আবছার (৪৮) নামের এক আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম খিতাপচর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আবছার ওই এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে। ডিবি বোয়ালখালী জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরীফ হোসাইন মজুমদার জানান, ইয়াবার একটি চালান আসার সংবাদের ভিত্তিতে রাতভর তার বাড়িতে অবস্থান নেওয়া হয়। পরে ভোরে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আবছার দক্ষিণ চট্টগ্রামের একজন দুর্ধর্ষ ডাকাত হিসেবে কুখ্যাত। ২০০৫ সালে নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে ১২টি বন্দুকসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে বের হয়ে আবারও তিনি ডাকাতির সাথে জড়িয়ে পড়েন। ২০২১ সালের ২৫ নভেম্বর বোয়ালখালী থানার একটি হত্যা মামলায় গ্রেফতারের পর পিবিআইয়ের প্রতিবেদনেও তাকে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি ও ভাড়াটে খুনের মতো অপরাধের অভিযোগ রয়েছে। তবে এবার অভিযানে তাকে গ্রেফতার করলেও তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

