২০ হাজার টাকায় শিশু বিক্রি: দাদির অভিযোগে হাটহাজারী থেকে উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৮:০৬ পিএম
২০ হাজার টাকায় শিশু বিক্রি: দাদির অভিযোগে হাটহাজারী থেকে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী এক কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে শিশুটির দাদির সতর্কতায় এবং পুলিশের অভিযানে সেই নবজাতককে হাটহাজারী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শিশুটিকে রোববার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তার অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই শিশুটির দাদি ফিরোজা বেগমকে জানানো হয় যে, শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে। এ খবর শুনে কবর দেখতে চাইলে পরিবারের সদস্যরা তা দেখাতে ব্যর্থ হন। এরপর সন্দেহ দেখা দিলে ফিরোজা বেগম বোয়ালখালী থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, শিশুটিকে মৃত দাবি করার পর তাকে ২০ হাজার টাকার বিনিময়ে হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় এক নিঃসন্তান পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে রোববার (২ আগস্ট) সকালে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...