যাত্রী নিরাপত্তা ও ফুটপাত দখলমুক্ত করতে মেট্রোরেল স্টেশন পরিদর্শন
রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এবং অবৈধ দখল উচ্ছেদে তৎপরতা জোরদার করেছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম সরেজমিনে এলাকা পরিদর্শন করে এসব নির্দেশনা প্রদান করেছেন।
গত সোমবার (২০ জুলাই) মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও স্টেশনের পাশাপাশি জাতীয় সংসদ ভবন সংলগ্ন ৪২৩ নম্বর এবং আগারগাঁও স্টেশন সংলগ্ন ৩৪১ নম্বর পিয়ার পরিদর্শন করেন তিনি। সেফটি অডিট কমিটির সুপারিশ ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনের সময় সংসদ ভবনের কাছে অবস্থিত পিয়ারটির বিয়ারিং প্যাড এবং আগারগাঁওয়ের ৩৪১ নম্বর পিয়ারের পিয়ার হেডের ক্র্যাক ম্যানলিফটের মাধ্যমে পরীক্ষা করেন ব্যবস্থাপনা পরিচালক।
এসময় তিনি মেট্রোরেলের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং স্টেশন এলাকার ফুটপাত থেকে অবৈধ দখল অপসারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব অবকাঠামো নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দীন খান ও ডিএমটিসিএলের পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) মো. নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

