নিরাপত্তা শিথিল, বিশ্বকাপ উপভোগে ঢাবিতে হাজারো মানুষের ঢল
ফিফা বিশ্বকাপ-২০২৬ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা শিথিল হওয়ার পর রাতভর বহিরাগতদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এলাকাটি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের ঘোষণা দিলেও রাত সাড়ে ১১টার পর থেকে শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও নীলক্ষেত প্রবেশপথগুলো দিয়ে সাধারণ মানুষের ঢল নেমেছিল।
খেলা শুরুর আগে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তাকর্মীদের কড়া উপস্থিতি ছিল। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবার গাড়ি প্রবেশের অনুমতি পায়। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে এই কড়াকড়ি অনেকটাই লঘু হয়ে পড়ে। ফলে বন্ধু-স্বজনদের নিয়ে অনেকেই রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে থাকেন। টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর এবং রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার জন্য দর্শকদের ভিড় বাড়তে থাকে।
টিএসসি এলাকায় খেলা দেখতে আসা মো. রাকিব হাসান জানান, শুরুতে প্রবেশে কিছুটা বাধার সম্মুখীন হলেও পরে সহজেই ক্যাম্পাসে ঢোকা যায়। তিনি বলেন, বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখার আনন্দই আলাদা। সাব্বির আহমেদ নামের আরেক দর্শনার্থী বলেন, বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাবির পরিবেশ সবসময়ই উৎসবমুখর থাকে, তাই বন্ধুদের নিয়ে তিনি এখানে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানও প্রাথমিক নিরাপত্তার কড়াকড়ি কমে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, পরে বহিরাগতদের প্রবেশের ফলে ক্যাম্পাসে মানুষের উপস্থিতি অনেক বেড়ে যায়।

