বালিয়াকান্দিতে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলার মতো প্রাথমিক পর্যায়ে বহরপুর ইউনিয়নের আড়কান্দি কৃষি ব্লক (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) থেকে এ কার্যক্রমের সূচনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাঘুটিয়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের তথ্য সম্পূর্ণ অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে বহরপুর ইউনিয়নের সব কৃষি ব্লক এবং পরে উপজেলার অন্যান্য ইউনিয়নেও পরিচালিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিজ নিজ বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
তথ্য সংগ্রহের সময় কৃষককে নিজ বাড়িতে উপস্থিত থাকতে হবে। সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি রাখতে হবে। একজন মনোনীত (নমিনি) ব্যক্তিকেও তার মূল এনআইডি কার্ডসহ উপস্থিত থাকতে হবে। এছাড়া কৃষি-সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
বালিয়াকান্দি কৃষি অফিসার রতন কুমার ঘোষ জানান, সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কৃষক কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হবে এবং ভবিষ্যতে কৃষকদের বিভিন্ন সরকারি কৃষি সেবা ও প্রণোদনা প্রদানে এ তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

