বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন শ্রমজীবী মানুষ

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ২:২৪ পিএম
বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন শ্রমজীবী মানুষ

রাজধানীজুড়ে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও থেমে নেই খেটে খাওয়া মানুষের সংগ্রাম। প্রবল বৃষ্টি ও যানজট উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন নগরের হাজার হাজার শ্রমজীবী মানুষ। তাদের অনেকের মতে, বাসায় বসে থাকলে সংসার চলবে না, তাই বাধ্য হয়েই ভিজতে হচ্ছে তাদের।

রোববার (১২ জুলাই) দুপুরে নিউমার্কেট, আজিমপুর ও লালবাগ এলাকা ঘুরে দেখা যায়, অবিরাম বৃষ্টির মধ্যেও ভ্যান ও রিকশা নিয়ে যাত্রী খুঁজছেন চালকরা। অনেকের শরীরে রেইনকোট নেই, কেউ আবার পলিথিন জড়িয়ে বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। ভ্যানচালক মনিরুল জানান, সারাদিনের আয় দিয়েই তার সংসার চলে। তিনি বলেন, ‘আজ বের না হলে বাজার করার টাকাও থাকবে না। পেট তো আর বৃষ্টি বুঝে না। আমাগো গরিবের আর ঝড়বৃষ্টি।’

খোঁজ নিয়ে জানা যায়, প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষজন। একদিন কাজ না করলে বাসাভাড়া ও পরিবারের খাবারের ব্যয় মেটানো তাদের জন্য দুষ্কর হয়ে পড়ে। আজিমপুরের রিকশাচালক জমির জানান, বৃষ্টির দিনে কষ্ট বাড়লেও ঘরে থাকার সুযোগ নেই তাদের। লালবাগের রিকশাচালক ফারুক বলেন, ‘সকাল ধরে ভিজতেছি। বৃষ্টির দিনে ১০-২০ টাকা ভাড়া বেশি নিই, কষ্টও তো বেশি। গরিব মানুষ, বসে খাইলে তো চলবো না。’ জীবিকার টানেই তাই ঝুঁকি নিয়েই রাস্তায় নামতে হচ্ছে তাদের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...