সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে শোক জানালেন শফিকুর রহমান
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতনামা সিনিয়র আইনজীবী ছিলেন। একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে তার পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন তিনি সবার কাছে সমাদৃত ছিলেন বলেও জানান জামায়াত প্রধান।
ডা. শফিকুর রহমান স্মৃতিচারণ করে বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ওপর যখন আইনি জুলুম চালানো হয়, তখন ব্যারিস্টার জমির উদ্দিন তাদের প্রতি গভীর সহানুভূতি প্রদর্শন করেছেন। নেতাদের পক্ষে আদালতে লড়াই করলেও তিনি কখনো কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। তিনি বরাবর বলতেন, ‘এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো।’ মহান রাব্বুল আলামিন যেন তার সকল দোষ-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত দান করেন, সেই দোয়া করেন বিরোধীদলীয় নেতা।

