নগরবাসীর বিনোদনে ৩০১ কোটি টাকায় মাঠ-পার্ক আধুনিকায়ণের উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ৪:১৬ এএম
নগরবাসীর বিনোদনে ৩০১ কোটি টাকায় মাঠ-পার্ক আধুনিকায়ণের উদ্যোগ

চট্টগ্রাম নগরীর বিপুলসংখ্যক নাগরিকের সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার সুযোগ নিশ্চিত করতে বড় পরিসরে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (২৪ জুন) চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় নগরীর খেলার মাঠ, উদ্যান, জলাধার ও উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়নে প্রায় ৩০১ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) উপস্থাপন করা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় একটি কনসালটেন্সি ফার্ম প্রকল্পের রূপরেখা তুলে ধরে। এসময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রস্তাবিত পরিকল্পনাটি বিস্তারিত পর্যালোচনা করেন। পরে সবার মতামতের ভিত্তিতে প্রকল্প প্রস্তাবটি যথাযথভাবে সংশোধন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মেয়র শাহাদাত হোসেন বলেন, অতিদ্রুত নগরায়ণের ফলে চট্টগ্রামের খেলার মাঠ ও সবুজ এলাকার পরিমাণ দিন দিন কমে আসছে। শিশু-কিশোরদের খেলাধুলা, তরুণ প্রজন্মের ক্রীড়া চর্চা এবং প্রবীণদের হাঁটাচলের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান নিশ্চিত করা এখন সময়ের জরুরি দাবি। তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পের আওতায় মাঠগুলোতে আধুনিক ক্রীড়া সুবিধা, হাঁটার পথ, সাইকেল ট্র্যাক, শিশুদের বিনোদন জোন, নারী ও পরিবারবান্ধব স্থান, পর্যাপ্ত আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি জলাধারগুলো পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধির উপযোগী করে গড়ে তোলা হবে।

মেয়র আরও বলেন, চট্টগ্রামকে শুধু অবকাঠামোগত নয়, পরিবেশগত ও সামাজিকভাবেও একটি আধুনিক ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় উন্মুক্ত স্থান সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর নগর গড়ে তুলতে এই প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...