সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক লাঙ্গলবন্দ, পর্যটন কেন্দ্রে রূপান্তরের ঘোষণা
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দের স্নানোৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের একান্ত নিজস্ব উৎসব নয়, এটি বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মিলনমেলা প্রমাণ করে, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই মিলেই আমরা বাংলাদেশ। তিনি বুধবার রাতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতিতে রয়েছে বহুত্ববাদী চর্চা এবং শান্তির বার্তা। যদিও ঐতিহাসিক কারণে আমরা অনেকদিন পিছিয়ে ছিলাম, তবে সঠিক দিকনির্দেশনায় এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে জাতি। শপথ গ্রহণের পর তারেক রহমানের নেতৃত্বে তারা অবিরাম কাজ করে যাচ্ছেন এবং একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চান। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে লাঙ্গলবন্দকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। যাতে দেশি-বিদেশি পুণ্যার্থীরা সুবিধাজনক পরিবেশে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন সেজন্য অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেবে মন্ত্রণালয়।
চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের মহাষ্টমী স্নানোৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমুখ। আলোচনা শেষে শিল্পীরা ভজন ও লোকজ সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের তীরে পাপমুক্তির আশায় প্রতিবছর লক্ষাধিক মানুষ এই স্নানোৎসবে অংশ নেন।

