নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এসময় তিনি এই তীর্থস্থানকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়ে ঐক্যের পরিচয় দেয়, যা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।
মন্ত্রী বলেন, ব্রহ্মপুত্রের তীরে লাখো মানুষের এই মিলনমেলা আমাদের আবহমান ঐতিহ্যের অংশ। রাজনৈতিক বা মতের ভিন্নতা থাকলেও আমরা সবাই শান্তির পথেই চলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও নতুন সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এখানকার অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বুধবার রাতে লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা। শেষে শিল্পীরা ভজন ও লোকজ গান পরিবেশন করেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা