লাঙ্গলবন্দ স্নানোৎসব: ঐক্যের বার্তা মন্ত্রীর, পর্যটন কেন্দ্রের ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ৬:৩১ এএম
লাঙ্গলবন্দ স্নানোৎসব: ঐক্যের বার্তা মন্ত্রীর, পর্যটন কেন্দ্রের ঘোষণা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দের স্নানোৎসব কোনো একক সম্প্রদায়ের উৎসব নয়, বরং এটি বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একত্রে বসবাসের যে সংস্কৃতি, লাঙ্গলবন্দের এই মিলনমেলা তার জ্বলন্ত উদাহরণ। বুধবার রাতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশ শান্তির সংস্কৃতি বহন করে এবং আমাদের রয়েছে বহুত্ববাদী সংস্কৃতির ঐতিহ্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে চায়। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে একটি নতুন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে। নানা ঐতিহাসিক কারণে পিছিয়ে পড়া জাতি হিসেবে আমরা এখন সঠিক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যেতে চাই।

নিতাই রায় চৌধুরী আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই তীর্থস্থানটিকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানকার অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে যাতে দেশি-বিদেশি পুণ্যার্থীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা ভজন ও লোকজ গান পরিবেশন করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...