সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দের স্নানোৎসব কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একচেটিয়া নয়, বরং এটি সবার ঐতিহ্য। ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই একই ছাদের নিচে বসবাস করে এবং আমরা সবাই বাংলাদেশি—এটাই হচ্ছে আমাদের অহংকার। মতপার্থক্য থাকলেও এই বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য খুঁজে পাওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার রাতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সঠিক নেতৃত্বের অভাবে আমরা একসময় পিছিয়ে ছিলাম। তবে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলা হবে।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আরও জানান, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে লাঙ্গলবন্দকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানটির অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশি-বিদেশি পুণ্যার্থীদের সুবিধা বাড়ানো হবে। এসময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নজরুল ইসলাম আজাদ, এমপি আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ-বিএনপির নেতারা। শেষে ভজন ও লোকগানের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা