সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক লাঙ্গলবন্দ, পর্যটন কেন্দ্রে গড়ে তোলার ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ৩:৫১ এএম
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক লাঙ্গলবন্দ, পর্যটন কেন্দ্রে গড়ে তোলার ঘোষণা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নানোৎসব কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, এটি সমগ্র বাঙালির আবহমান ঐতিহ্যের অংশ। ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই যে এক ছাদের নিচে বাস করে, এই স্নানোৎসব তারই জ্বলন্ত উদাহরণ। বুধবার রাতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের সঠিক নেতৃত্বের কারণে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারেক রহমানের নির্দেশনায় একটি নতুন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে লাঙ্গলবন্দকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। আলোচনা শেষে শিল্পীরা ভজন ও লোকজ সংগীত পরিবেশন করেন। ব্রহ্মপুত্র নদের তীরে পাপমুক্তির আশায় প্রতি বছর দেশ-বিদেশের লাখো মানুষ এই স্নানোৎসবে অংশ নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...