লাঙ্গলবন্দকে পর্যটন কেন্দ্রে রূপান্তরের ঘোষণা মন্ত্রীর

লাঙ্গলবন্দের স্নানোৎসব কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, বরং এটি সমগ্র বাঙালি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশগ্রহণ করে, যা প্রমাণ করে আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে মতবিরোধ থাকলেও এই বৈচিত্র্যের মধ্যেই আমরা ঐক্য খুঁজে পাই।
বুধবার রাতে লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে লাঙ্গলবন্দকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে কাজ করবে সরকার। দেশি-বিদেশি পুণ্যার্থীদের সুবিধার্থে এখানকার অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমুখ। আলোচনা শেষে শিল্পীরা ভজন ও লোকজ সংগীত পরিবেশন করেন। ব্রহ্মপুত্র নদের তীরে প্রতি বছর লাখো মানুষের সমাগম ঘটে এই স্নানোৎসবে।

