লাঙ্গলবন্দের স্নানোৎসব ঐতিহ্যের অংশ: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দের স্নানোৎসব কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয় বরং এটি বাংলার চিরায়ত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। হিন্দু সম্প্রদায়ের মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে বুধবার রাতে লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশেই বাংলাদেশে বসবাস করতে চায়। আমাদের মধ্যে মতাদর্শগত বা রাজনৈতিক ভিন্নতা থাকলেও বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা সবার। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই তীর্থস্থানকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর ও অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া তারেক রহমানের নির্দেশনায় নিরলসভাবে কাজ করে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রহ্মপুত্র নদের তীরে পাপমুক্তির আশায় প্রতিবছর লাখ লাখ মানুষ এই স্নানোৎসবে অংশগ্রহণ করেন।

