লাঙ্গলবন্দ হবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১২:১৪ এএম
লাঙ্গলবন্দ হবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ব্রহ্মপুত্রের তীরে লাঙ্গলবন্দের স্নানোৎসব কোনো একক সম্প্রদায়ের উৎসব নয়, বরং এটি বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একই ছাদের নিচে বসবাস করতে চায় এবং এই উৎসব তারই প্রমাণ বহন করে। তিনি বলেন, মতের মতৈক্য থাকা সত্ত্বেও আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজি। বুধবার রাতে লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহাষ্টমী স্নানোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঐতিহাসিক কারণে আমরা পিছিয়ে থাকলেও সঠিক নেতৃত্বের কারণে ঘুরে দাঁড়াতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে লাঙ্গলবন্দকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথা জানান। এখানকার অবকাঠামো উন্নয়ন করে দেশি-বিদেশি পুণ্যার্থীদের সুবিধা নিশ্চিত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম আজাদ ও আজহারুল ইসলাম মান্নান। এছাড়াও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ এবং স্নানোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ভজন ও লোকজ সংগীতের এক মনোজ্ঞ আসর পরিবেশিত হয়। প্রতি বছর লাখ লাখ মানুষ পাপমুক্তির আশায় ব্রহ্মপুত্রের এই তীরে ভিড় জমান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...