লাঙ্গলবন্দে সংস্কৃতিমন্ত্রী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দের স্নানোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, এই স্নানোৎসব কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, বরং এটি আমাদের আবহমান বাংলার ধারাবাহিকতা ও ঐতিহ্যের অংশ। তিনি উপস্থিত জনসমাগমকে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা হিসেবে আখ্যায়িত করে বলেন, ধর্ম বা বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এবং একই ছাদের নিচে মিলেমিশে বসবাস করতে চাই। বুধবার রাতে লাঙ্গলবন্দের চিরইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহাষ্টমী স্নানোৎসব উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আমাদের দেশ শান্তি ও বহুত্ববাদী সংস্কৃতির ধারক। যদিও নানা ঐতিহাসিক কারণে আমরা পিছিয়ে পড়েছিলাম, তবে সঠিক নেতৃত্বের কারণে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তারই নির্দেশনায় আমরা একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি লাঙ্গলবন্দকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই তীর্থস্থানের অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশি-বিদেশি পুণ্যার্থীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও স্নানোৎসব উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিল্পীরা ভজন ও লোকজ সংগীত পরিবেশন করেন।

