শিক্ষার্থীদের সময় বাঁচাতে ডিসেম্বরেই শেষ হবে এসএসসি-এইচএসসি

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৮:৪৯ পিএম
শিক্ষার্থীদের সময় বাঁচাতে ডিসেম্বরেই শেষ হবে এসএসসি-এইচএসসি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় করতে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দশম শ্রেণির ক্লাস শেষ করে পরবর্তী বছর এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রেও একই অবস্থা হওয়ায় একজন শিক্ষার্থীর প্রায় দুই বছর সময় নষ্ট হয়। এই প্রেক্ষাপটে শিক্ষাজীবনের এই সময় হানি রোধে বছরের শেষের আগেই পরীক্ষা শেষ করার বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার। এছাড়া সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সারাদেশে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা আনতে প্রতিটি পরীক্ষা কক্ষে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

পরীক্ষার পরিবেশ নির্মূল করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের বিকল্প নেই এবং অতীতের মতো শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে এবারও তা নিশ্চিত করা হবে। এছাড়া পরীক্ষায় বিষয় সংখ্যা হ্রাসের সম্ভাব্যতা যাচাইয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা যাচাই করতে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানদের কেন্দ্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...