সরকারের বহুমুখী উন্নয়ন ও নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচির ঘোষণা তথ্যমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৭:২০ পিএম
সরকারের বহুমুখী উন্নয়ন ও নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচির ঘোষণা তথ্যমন্ত্রীর

দেশের সার্বিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার সামাজিক সুরক্ষা, অর্থনীতি ও প্রশাসনসহ সব খাতে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারকে আওতায় এনে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার আওতায় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের আওতায় ৩৭ হাজারের বেশি পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে।

শ্রমিকদের অধিকার আদায়ে সরকার বদ্ধপরিকর জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্মীয় সেবকদের কল্যাণে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। এছাড়া কৃষি খাতের আধুনিকায়নে আগামী পহেলা বৈশাখ থেকে ৮টি বিভাগের ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ২১ হাজার ১৪ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। পানিসম্পদ উন্নয়নে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যে ৫৪টি জেলায় কাজ শুরু হয়েছে এবং প্রথম ১৮০ দিনে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অর্থনৈতিক খাতে সংস্কারের অংশ হিসেবে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। মিতব্যয়িতা আনতে সংসদ সদস্যরা ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিআইপি প্রোটোকল কমানো হয়েছে। স্বাস্থ্যখাতে ই-হেলথ কার্ড চালু ও এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথাও জানান তথ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং সচিব মাহবুবা ফারজানা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...