সংবাদকর্মীদের ১৫ শতাংশের যৌন হয়রানি, নারীরা ঝুঁকিতে সবচেয়ে বেশি
রাজধানীর একটি হোটেলে বুধবার ‘গণমাধ্যমকর্মীদের জন্য যৌন হয়রানি প্রতিরোধ প্রটোকল’ প্রকাশ অনুষ্ঠানে এক জরিপের ফলাফল তুলে ধরা হয়। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্সের বরাত দিয়ে বিবিসি মিডিয়া অ্যাকশনের আরাফাত সিদ্দিকী জানান, ২০২৫ সালে ৩৩৯ জন সাংবাদিকের মধ্যে পরিচালিত এই জরিপে দেখা যায় ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার হয়েছেন। তবে পুরুষদের তুলনায় নারী সাংবাদিকরা মৌখিক, অনলাইন ও শারীরিকভাবে অনেক বেশি হয়রানির শিকার হয়েছেন।
বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, নারী সাংবাদিকদের ৬০ শতাংশ মৌখিক হয়রানির শিকার হলেও পুরুষদের ক্ষেত্রে এই হার ৯ শতাংশ। অনলাইনে হয়রানির শিকার হয়েছেন ৪৮ শতাংশ নারী এবং ১৫ শতাংশ পুরুষ। আর শারীরিক হয়রানির শিকার ২৪ শতাংশ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৭ শতাংশ। এমনকি দুইজন পুরুষ ও সাতজন নারী ধর্ষণের ঘটনার কথাও জরিপে জানিয়েছেন। অভিযোগ পেলেও বেশিরভাগ প্রতিষ্ঠান অভিযুক্তকে শুধু সতর্ক করেই দায়িত্ব শেষ করেছে বলে জানা যায়।
অনুষ্ঠানে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর আল মামুন, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মতিউর রহমান চৌধুরী এবং উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশের সমন্বয়ক আঙ্গুর নাহার মন্টি উপস্থিত ছিলেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

