মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারের জন্য বড় কোনো হুমকি নয় বরং ভবিষ্যতে সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধের কারণে যেসব অবকাঠামো ধ্বংস হচ্ছে, সংঘাত শেষে সেগুলো পুনর্নির্মাণে বিশাল জনবল প্রয়োজন হবে, যেখানে বাংলাদেশি কর্মীরা সুযোগ পেতে পারেন।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধকালীন সময়ে রেমিট্যান্সে হয়তো সাময়িক প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি হবে। তিনি বলেন, সব ধ্বংসস্তূপ আবার গড়ে তুলতে হলে সেখানে দক্ষ কর্মী লাগবে, সেই সুযোগ কাজে লাগাতে চায় সরকার। এছাড়া জাপানে কর্মী পাঠানোর লক্ষ্যে সরকার 'জাপান সেল' গঠন করেছে এবং ইউরোপীয় দেশগুলোর ঢাকায় ভিসা প্রসেসিং সুবিধা চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
বৈদেশিক কর্মসংস্থানে সিন্ডিকেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুরে কয়েকটি কোম্পানি একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে অতিরিক্ত টাকা আদায় করছে। এ সমস্যা সমাধানে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় 'অভিভাসন ব্যয়' নির্ধারণ করে দেবে, যাতে কোনো এজেন্সি নির্ধারিত অঙ্কের বেশি টাকা নিতে না পারে। মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা