মাসুদ চৌধুরী গ্রেফতার: ১/১১ ও ২০০৮ নির্বাচন নিয়ে তদন্তের দাবি ফারুকীর

ওয়ান-ইলেভেনের অন্যতম কর্ণধার ও সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই গ্রেফতারকে বর্তমান সরকারের শুভ সূচনা বলে অভিহিত করেছেন।
ফারুকী তার বক্তব্যে ওয়ান-ইলেভেনকে দেশের সব ধরনের সর্বনাশের মূল কারণ বলে মন্তব্য করেছেন। তার মতে, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরে হামলা, জুলাই বিক্ষোভে হত্যাকাণ্ড এবং বিরোধীদের ওপর নির্যাতনের মতো ঘটনাগুলোর মূলে রয়েছে ২০০৭ সালের ১/১১ পরিবর্তন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্সও ওই সময় থেকেই এসেছে বলে তিনি দাবি করেন। তিনি ২০০৮ সালের নির্বাচন এবং ওয়ান-ইলেভেনের পুরো ঘটনাপ্রবাহ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের ওপর জোর দেন।
ট্রমা কাটিয়ে ওঠার জন্য জাতির সামনে এগিয়ে যেতে বিচার এবং স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এই চলচ্চিত্র নির্মাতা। তিনি বলেন, বিচার ও ইতিহাস সংরক্ষণ না করে শুধু ‘ভুলে যাওয়ার’ রাজনীতি করলে অপরাধীরা আরও বেপরোয়া হবে এবং মানুষের মনে ক্ষোভ থেকেই যাবে। তাই মিউজিয়াম ও ডকুমেন্টেশনের মাধ্যমে ইতিহাস সংরক্ষণ করে অপরাধীদের বিচারের আওতায় আনার বার্তা দেন তিনি।

