জনগণের সেবা না করলে আস্থা থাকবে না: কৃষিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৬:৩০ এএম
জনগণের সেবা না করলে আস্থা থাকবে না: কৃষিমন্ত্রী

কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, গত ১৭ বছরের শাসনামলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, যা থেকে মুক্তি পেতে জনগণ আন্দোলন করে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে।

মন্ত্রী বলেন, জনগণের এই আস্থাকে ধরে রাখতে হলে তাদের সাথে সদাচরণ করতে হবে। অতীতে স্বৈরাচারী আচরণের কারণে মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে এবার জাতীয়তাবাদী দল তার কর্ম দিয়ে মানুষের মন জয় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশ ও কুমিল্লাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব সবার বলে জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে হাজী আমিন উর রশিদ বলেন, প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি ঈমানের দায়িত্ব হিসেবে সেই দায়িত্ব পালন করতে চান এবং জনগণের ভোটের সঠিক মূল্যায়ন করতে চান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...