রাডারে নজরদারি, বিশৃঙ্খলা বরদাশত নয়: ফখরুলের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৪:৩২ পিএম
রাডারে নজরদারি, বিশৃঙ্খলা বরদাশত নয়: ফখরুলের হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সোমবার (২৩ মার্চ) রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে বলেন, দলের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তা সোজা হতে হবে। তিনি সবার ওপর রাডার ফিট করেছেন এবং কে কী করছেন তা তার নজর এড়াবে না। একচুল এদিক-ওদিক হলে কেবল পদ চলে যাবে না, আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

দেশের সামনে আর্থিক মন্দা অনেক বড় আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, আগামী দিনগুলো সাধারণ মানুষের জন্য কঠিন হতে পারে। যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের খরচও বাড়বে। এই পরিস্থিতি মোকাবেলায় ধৈর্যের সাথে কাজ করতে হবে। একইসঙ্গে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার তীব্র সমালোচনা করেন তিনি। তিনি বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসের অপব্যবহার করে বেহেশতের লোভ দেখানো যায় না। জনগণ ধার্মিক হলেও ধর্মের নামে ব্যবসা পছন্দ করে না। সৎ পথে থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কোনো ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়া বা পাম্পে হামলা চালানোর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি। ফখরুল বলেন, উচ্ছৃঙ্খল জনতা বা মব হিসেবে কেউ যদি আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করার চেষ্টা করে, তবে তাদের দমন করা হবে। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি জানান, কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানো হচ্ছে। ২০ হাজার খাল খননের মেগা প্রকল্প দ্রুত শেষ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...