যুদ্ধক্ষেত্রে চিকিৎসা: ইসলামের প্রথম নার্স যিনি যোদ্ধার সম্মান পান

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ৭:৪০ পিএম
যুদ্ধক্ষেত্রে চিকিৎসা: ইসলামের প্রথম নার্স যিনি যোদ্ধার সম্মান পান

সপ্তম শতাব্দে যখন প্রাতিষ্ঠানিক চিকিৎসাব্যবস্থার তেমন প্রসার ঘটেনি, তখন নিজের উদ্ভাবনী শক্তি ও মমতা দিয়ে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রুফাইদা আল-ইসলামিয়া। ইসলামি ইতিহাসে তিনি পরিচিত হয়েছেন প্রথম মুসলিম নার্স হিসেবে। খাজরাজ গোত্রের বনু আসলাম শাখার এই নারী ৫৯৭ খ্রিস্টাব্দে ইয়াসরিব বর্তমান মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা সাদ আল-আসলামি ছিলেন একজন নামী চিকিৎসক ও সার্জন, এবং পিতার কাছ থেকেই তিনি চিকিৎসা বিজ্ঞানের ব্যবহারিক দক্ষতা অর্জন করেছিলেন।

নবীজির হিজরতের পর মদিনার মসজিদে নববীর আঙ্গিনায় একটি ছোট তাঁবুতে তিনি শুরু করেন চিকিৎসা সেবা। পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে আহত মুসলিম যোদ্ধাদের চিকিৎসার জন্য তিনি প্রতিষ্ঠা করেন ‘খেইমাহ আল-রুফাইদাহ’ নামে একটি ফিল্ড হাসপাতাল। বর্তমান সালমান আল-ফারসি মসজিদের নিকটবর্তী স্থানে এই চিকিৎসাকেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। সেখানে তিনি ক্ষত সারাই, ব্যান্ডেজ করা এবং আহতদের পুনর্বাসনের কাজ করতেন। এটিই ছিল ইসলামের ইতিহাসে প্রথম ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট বা হাসপাতাল, যা প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হতো।

একজন দক্ষ সেবিকা হওয়ার পাশাপাশি রুফাইদাহ ছিলেন একজন সফল সংগঠক। তিনি একটি ক্রমবদ্ধ নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছিলেন, যেখানে তিনি অন্যান্য নারীদের স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ দিতেন। তার এই উদ্যোগের ফলে যুদ্ধকালীন সময়ে আহতদের সেবার কাজ আরও ব্যাপক ও সুশৃঙ্খল হয়ে ওঠে। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে তার এই অবদানের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়, যা তাকে চিরকাল সম্মানিত করে রেখেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...