মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও প্রবাসীদের পাশে সরকার: মন্ত্রী আরিফুল হক

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও সেখানকার বাংলাদেশি নাগরিকদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এই আশ্বাস ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, নিহত মোশাররফ হোসেনের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সব ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে। এরই মধ্যে দাফনের জন্য তার পরিবারকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর তাদের তিন লাখ টাকা দেওয়া হবে। আরও জানা গেছে, মোশাররফ হোসেনের দুই সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব বহন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এদিকে বিমানবন্দরে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসগুলো সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে যুদ্ধকবলিত এলাকা থেকে তাদের সরিয়ে আনার প্রস্তুতি রাখা হয়েছে।

