মধ্যপ্রাচ্য সংঘাতে ৫ বাংলাদেশির মৃত্যু, মোশারফের মরদেহ দেশে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধকালীন পরিস্থিতিতে এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে সৌদি আরবের ইরানি মিসাইল হামলায় নিহত মোশারফ হোসেনের মরদেহ গ্রহণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সেখানে তিনি সাংবাদিকদের জানান, সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর কাজ চলছে।
সরকার কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও বর্তমানে নাগরিকদের সুরক্ষায় সবরকম পদক্ষেপ নিচ্ছে। ইরান থেকে আজারবাইজান হয়ে ইতিমধ্যে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে আনা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। যাঁরা ফিরতে চান, তাঁদের সবাইকে সরকার পর্যায়ক্রমে ফেরত আনার আশ্বাস দেন তিনি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, যুদ্ধে নিহতদের পরিবারকে ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া বৈধ ইমিগ্রেশন প্রসেসিং কার্ড (বিএমইটি) থাকলে তাঁরা আরও ১০ লাখ টাকা পাবেন। টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশারফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নেবে মন্ত্রণালয়।
৮ মার্চ ইফতারের ঠিক আগ মুহূর্তে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন মোশারফ হোসেন। শুক্রবার সকালে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আয়ম খানসহ সংশ্লিষ্টরা।

